
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলে র্যাবের অভিযানে ২১৪ গ্রাম হেরোইনসহ মোঃ নুরুল ইসলাম (৪৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য ২১ লাখ ৪০ হাজার টাকা।
র্যাব-১৪ এর সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প সূত্র জানায়, মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলার যমুনা পূর্ব সেতু থানাধীন ইব্রাহিমাবাদ রেলস্টেশনের সামনে সিএনজি স্ট্যান্ড সংলগ্ন পাকা রাস্তায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সন্দেহভাজন মোঃ নুরুল ইসলামকে আটক করা হলে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত জুতার ভেতর বিশেষ কৌশলে লুকানো ২১৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়াও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ১ হাজার ৬১০ টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে যমুনা পূর্ব সেতু থানায় হস্তান্তর করা হয়েছে।