
মোটরসাইকেল যোগে পাচার কালে খুলনার কয়রায় ৩৪ কেজি হরিণের মাংস একটি মোটরসাইকেল সহ ইকবাল মোড়ল (২৩) নামের এক পাচারকারীকে আটক করেছে কয়রা থানা পুলিশ।
কয়রা খুলনা প্রতিনিধি : ফরহাদ হোসাইন
কয়রা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়রা থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় থানার উপ-পরিদর্শক প্রণয় মন্ডল সহ সঙ্গীয় ফোর্স ৩ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে নটার দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের কালনা মাদ্রাসার সামনে কয়রা পাইকগাছা সড়ক থেকে তাকে আটক করে। এ সময় পুলিশ মোটরসাইকেলের সাইডে বাঁধা প্লাস্টিকের বস্তায় ভরা ৩৪ কেজি হরিণের মাংস ও মোটরসাইকেল জব্দ করে।
আটক পাচারকারী পাইকগাছা উপজেলার কাশিমনগর গ্রামের মৃত আমিন উদ্দীন মোড়লের পুত্র। কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা করা হয়েছে।