
নাসিম আহমেদ শিমুল, কালিয়াকৈর, (গাজীপুর) থেকে:
গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ওষুধ কারখানার শ্রমিকদের ২১ দফা দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে।
শনিবার(৩১ আগস্ট) ভোর ৫টায় উপজেলার বোর্ডঘর এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে এবং স্কয়ার ফার্মাসিটিক্যালের সামনে অবস্থান নেয় শ্রমিকেরা। বৈষম্য বিরোধী শ্রমিক অধিকার আন্দোলনের ব্যানারে ২১ দফা দাবীতে কর্মবিরতি পালন করে এ আন্দোলনে অংশগ্রহণ করে।
কারখানার শ্রমিকেরা জানান, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামের ওই কারখানার কর্তৃপক্ষ শ্রমিকদের ১০ বছর চাকরি করলেও পার্মানেন্ট করা হয়নি, প্রত্যেক শ্রমিককে দুই বেলা খাবারের ক্ষেত্রে কোন প্রকার বৈষম্য রাখা যাবে না, খাবারের মান উন্নয়ন করতে হবে, কয়েকজন কর্মকর্তার পদত্যাগ, বৈষম্যবিরোধী শ্রমিক অধিকার আন্দোলনের কোনো কর্মীকে পরবর্তী সময়ে কোনো প্রকার হয়রানি বা চাকরিচ্যুত যাবে না, সাপ্তাহিক ছুটি দু’দিনসহ সব মিলিয়ে ২১টি দফা বাস্তবায়নের দাবি জানিয়ে সকালে শ্রমিকেরা কারখানায় কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন।
এ সময় শ্রমিকেরা ঢাকা টাঙ্গাইল সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ।
পরে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ উপস্থিত হয়ে বিক্ষোভ অবরোধের সময় শ্রমিকদের সাথে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।শ্রমিকরা রাস্তা অবরোধ ছেড়ে দেওয়ার পর যান চলাচল শুরু হয়। আলোচনার মাধ্যমে শ্রমিকদের দাবি-দাওয়া শোনা হয় এবং তাদের আইনসম্মত উপায়ে সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়।