
ইবি সংবাদদাতা:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও অভিযুক্তদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় এস এম সুইট, সহ-সমন্বয় নাহিদ ইসলাম, ইয়াশুরুল কবির সৌরভ ও তানভীর মাহমুদ মন্ডলসহ কয়েক শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসময় শিক্ষার্থীরা ‘শিক্ষা সন্ত্রাস, এক সাথে চলে না’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘কুয়েটে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’ ও ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’সহ নানা স্লোগান দেয়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমরা যেই জুলাইয়ে স্প্রিট ধারণ করেছিলাম। তা আজকে কুয়েটে হামলার মাধ্যমে নষ্ট হয়েছে। জুলাইয়ের পরে কেউ স্বৈরাচার হলে তাদের পরিস্থিতি হবে নিষিদ্ধ ছাত্রলীগের মতো। বিপ্লবী ছাত্র জনতা তাদের রেহাই দিবে না। আমরা বাংলাদেশ থেকে সন্ত্রাসীদে নির্মূল করে ছাড়বো। আমাদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ভাইদের ওপর হামলাকারীদের বিচার ও ছাত্রত্ব বাতিল করতে হবে। আমরা কারো বিরুদ্ধে আন্দোলন করতে দ্বিধা করিনি। ভবিষ্যতে এ ধারা অব্যহত থাকবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, কুয়েটে আমাদের ভাইদের উপর ন্যাক্কারজন হামলা করেছে ছাত্রদলের সন্ত্রাসীরা। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং অভিযুক্তদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। স্বৈরাচার চলে গেছে, কিন্তু তাদের দোষররা এখনো রয়ে গেছে।
তিনি আরও বলেন, আমরা ইদের পরে আন্দোলন করার ছাত্র জনতা নই। আমরা মাত্র ৩৬ দিনে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনাকে সরাইছি। আমাদের নতুন স্বৈরাচারদের সরাতে সময় লাগবে না। আমাদের সবসময় সচেতন থাকতে হবে। কেউ যেন নতুন করে স্বৈরাচার না হয়ে উঠতে পারে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে কেউ হামলার চেষ্টা করলে সকলে মিলে প্রতিহত করতে হবে।