
মো নাজিউল্লাহ ভূইয়া
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
“এক শহীদ, এক বৃক্ষ”—এই হৃদয়ছোঁয়া শ্লোগানকে কেন্দ্র করে কেরানীগঞ্জে রচিত হলো শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধের এক অনন্য অধ্যায়। ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হওয়া ছয় তরুণের আত্মত্যাগকে অমর করে রাখতে তাদের নামে রোপণ করা হলো ছয়টি বৃক্ষ—যেখানে প্রতিটি পাতায় লেখা থাকবে জীবনের গল্প, প্রতিবাদের ভাষা, এবং আত্মত্যাগের অমলিন স্মৃতি।
শনিবার, ১৯ জুলাই দুপুর ১২টায় কেরানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এই ব্যতিক্রমী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া।
পরবর্তীতে তিনি নিজ হাতে উপজেলা ব্যাডমিন্টন মাঠে ছয়টি বৃক্ষ রোপণ করেন শহীদদের নামে। প্রতিটি গাছে বসানো হয় নামফলক—যেন বৃক্ষ নয়, একেকটি নাম হয়ে উঠলো জীবন্ত ইতিহাস।
শ্রদ্ধাভরে স্মরণ করা হয় কেরানীগঞ্জের ছয় অমর সন্তান—রিয়াজ হোসেন, মো. রাজন, সায়েম আহমেদ, এলেন খান, ওসমান গনি ও রিয়ান সরকার—যারা বৈষম্য আর অনিয়মের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন একটি সাম্যের সমাজ গঠনের স্বপ্নে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ পরিবারের ২৪ জন সদস্য, আহত আন্দোলনকারী, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ।এছাড়া দক্ষিণ কেরানীগঞ্জ থানার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, বিআরডিবি কর্মকর্তা তাইবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, কেরানীগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল গনী, কেরানীগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশনের উপদেষ্টা শহিদুল ইসলাম রাজু, শাওন আহমেদ, সায়মন চৌধুরী, আহ্বায়ক অনিক আহমেদ ও বিএনপি নেতা মাসুদ রানা প্রমুখ।
উদ্যোক্তা ইউএনও রিনাত ফৌজিয়া বলেন—
“এই বৃক্ষরোপণ কেবল প্রতীকী আয়োজন নয়; এটি শহীদদের প্রতি আমাদের ভালোবাসা, কৃতজ্ঞতা ও দায়িত্ববোধের জীবন্ত প্রকাশ। আমরা চাই, তাঁদের নাম ইতিহাসের পাতায় চাপা না পড়ে থাকুক—তাঁরা বেঁচে থাকুক প্রতিটি গাছের পাতায়, প্রতিটি শাখায়, আমাদের চেতনায়।”
শহীদ পরিবারের সদস্যরা এই উদ্যোগকে স্বাগত জানান। শহীদ রিয়াজের মা জানানা, “এই গাছ শুধু গাছ নয়—এ যেন আমাদের সন্তানের নামে অঙ্কুরিত অমরতার এক টুকরো স্মৃতিচিহ্ন। সময় যতই যাক, এসব গাছ হয়ে থাকবে জীবনের সাক্ষ্য।”
কেরানীগঞ্জ আজ প্রমাণ করেছে—স্মৃতিকে সম্মানে ধারণ করার সবচেয়ে মানবিক পথ কখনো কখনো একটি গাছও হতে পারে। প্রতিটি সবুজ পাতা আজ যেন বলছে—
“তারা চলে যায়নি, তারা রোপিত হয়েছে মাটিতে—গাছ হয়ে উঠেছে, ছায়া হয়ে ফিরেছে, আর সময়কে বলে দিচ্ছে নীরব প্রতিবাদের গল্প।”