
মো. নাজিউল্লাহ ভূইয়া
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি।
“নিজে স্বয়ংসম্পূর্ণ হলে, দেশ স্বয়ংসম্পূর্ণ হবে”— মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, “নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা গেলে সংসারে স্বচ্ছলতা ফেরে। গরু-ছাগল কিংবা হাঁস-মুরগি পালন কোনো ছোট উদ্যোগ নয়, বরং বড় ধরনের প্রকল্প, যা পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখে।”
আজ সকালে কেরানীগঞ্জের তারানগর আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ প্রাণি সম্পদ অধিদপ্তর আয়োজিত প্রাণিসম্পদ ও প্রাণিখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান। উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া,কেরানীগঞ্জ মডেল সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া,
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগসহ অনেকে।
মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় অংশীজনদের ২১৭টি পরিবারের মাঝে উন্নত জাতের হাস,মুরগি,ছাগল,ভেড়া ও এসব প্রাণির খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।