
ঢাকা জেলা প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়ার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা জানান, এ বছর কেরানীগঞ্জের ১২টি ইউনিয়নে ১৫৭টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর বিশেষ নজরদারি থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে, যাতে ভক্তরা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন। এই লক্ষ্যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়, এ বছর পূজা আরও সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে উদযাপন হবে। প্রতিটি মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং স্থানীয় জনপ্রতিনিধি ও কমিউনিটি নেতৃবৃন্দ প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন বলে আশ্বাস দেন।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মনীষা রানী কর্মকার, দক্ষিণ কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান আহমেদ, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাব হোসেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম, কেরানীগঞ্জ দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি নিপেন সরকার, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সাধারণ সম্পাদক হাসমততুল্লাহ নবী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
গণমাধ্যম প্রতিনিধিরা প্রশাসন ও পূজা উদযাপন কমিটির এই উদ্যোগের প্রশংসা করেন এবং দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।