
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
স্বনির্ভর কর্মসূচির আওতায় অসহায় ও হতদরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে ঝিনাইদহের কোটচাঁদপুরে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) মাওলানা শামছুল হক ফাউন্ডেশন, ঢাকার উদ্যোগে এবং আল-ফালাহ ইসলামি সেন্টার, কোটচাঁদপুরের ব্যবস্থাপনায় এ সেলাই মেশিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মতিয়ার রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক পরিচালক এম জিয়াউল হক শামীম।
মাওলানা শামছুল হক ফাউন্ডেশন, ঢাকার চেয়ারম্যান মাওলানা মোঃ মিজানুর রহমান এবং যুক্তরাজ্যপ্রবাসী ব্যারিস্টার আছাদুজ্জামান, সেক্রেটারি, মাওলানা শামছুল হক ফাউন্ডেশন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-ফালাহ ইসলামি সেন্টার, কোটচাঁদপুরের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাস্টার রেজাউল ইসলাম।
বক্তারা বলেন, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কর্মমুখী করে গড়ে তোলা অত্যন্ত মহৎ উদ্যোগ। সেলাই মেশিনের মাধ্যমে সুবিধাভোগীরা ঘরে বসেই আয়-রোজগারের সুযোগ পাবেন। এর ফলে তাদের পরিবারে আর্থিক সচ্ছলতা ফিরে আসবে এবং নারীরা স্বাবলম্বী হওয়ার পথ খুঁজে পাবেন।
এ ধরনের মানবিক ও স্বনির্ভর কর্মসূচি সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।