
কোটচাঁদপুর প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার সলেমানপুর উত্তর পাড়ায় একই রাতে পাঁচটি গরু এবং উপজেলার বলুহর ইউনিয়নের কাগমারি গ্রামের কালিতলা বাজার সংলগ্ন এলাকা থেকে আরও দুইটি গরু চুরি হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সলেমানপুর উত্তর পাড়ার কৃষক রমজান আলীর গোয়ালঘর ভেঙে পাঁচটি গরু নিয়ে যায় চোরেরা। একই রাতে কাগমারি গ্রামের রবিন মালোর বাড়ি থেকেও দুটি গরু চুরি হয়। দুই পরিবারেরই ধারণা—চোরচক্র একটি পিকআপ ভ্যান ব্যবহার করে পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী কৃষকেরা কোটচাঁদপুর থানা পুলিশকে অবহিত করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে। এলাকাবাসীর দাবি—সাম্প্রতিক সময়ে গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় রাতের পাহারা জোরদার করা প্রয়োজন।
কোটচাঁদপুর মডেল থানার ডিউটি অফিসারকে মুঠোফোনে গরু চুরি হওয়া সম্পর্কে জানতে চাইলে, চুরি হওয়া গরুর মালিক সোহাগ নামে একজন থানাতে অভিযোগ করেছেন, তদন্তপূর্বক চোরচক্রকে শনাক্ত ও আটক করতে ব্যবস্থা গ্রহণ করা হবে।