
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার মকছেদ মোড় সংলগ্ন লক্ষীকুন্ডু সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত তানভীর (২২) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় বিপ্লব নামে আরও এক যুবক আহত হলেও প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
রবিবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহত দুই মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা যায়, তানভীরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত প্রায় ১টার দিকে তিনি মারা যান। নিহত তানভীর কোটচাঁদপুর উপজেলার সোয়াদি গ্রামের জসিম উদ্দিনের একমাত্র ছেলে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে নিজ গ্রামের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন তার বাবা-মা। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
অপর আহত বিপ্লব প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। তিনি একই উপজেলার সোয়াদি গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাফদারপুর দিক থেকে লক্ষীকুন্ডুর দিকে যাওয়া একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুই মোটরসাইকেল আরোহী রাস্তার পাশে ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন।
স্থানীয়দের দাবি, সড়কটিতে যানবাহনের অতিরিক্ত গতি ও অসতর্কভাবে মোটরসাইকেল চালানোর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা এ ধরনের দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।