
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন, কোটচাঁদপুর এর আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কোটচাঁদপুর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য (ঝিনাইদহ–৩) প্রফেসর মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর উপজেলা শাখার আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, পৌর আমির মহাদ্দিস আব্দুল কাইয়ুম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর সভাপতি ও সাবেক মেয়র সালাউদ্দিন বুলবুল সিডল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হৃদয় আহমেদ, এসপি সার্কেল সায়েম আহমেদ, ভূমি কর্মকর্তা সোহেল রানা এবং কোটচাঁদপুর মডেল থানা অফিসার ইনচার্জ আসাদউজ্জামানসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা তথ্য কর্মকর্তা তানিয়া।
বক্তারা মহান ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে সকল ভাষা শহিদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।