
খুবি প্রতিনিধি
দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, “আমরা মানুষের মূল্যবোধভিত্তিক সাংবাদিকতা ফিরিয়ে আনবই। গণমাধ্যমের প্রতি জন্ম নেওয়া মানুষের আক্ষেপ দূরীকরণের এটাই অন্যতম পন্থা। প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের অন্যতম দাবি হলো গণমাধ্যমের স্বাধীনতা।”
আজ (৯ মে) শনিবার সকাল ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের কনফারেন্স রুমে এক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন। খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যোগে ‘সমকালীন প্রেক্ষাপটে গণমাধ্যম’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।
মাহফুজ আনাম বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় সংবাদমাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতা—ন্যায়বিচার, জবাবদিহি এবং ক্ষমতার ভারসাম্য রক্ষার অন্যতম প্রধান ভিত্তি। একজন সাধারণ নাগরিক যখন নিজের অধিকার রক্ষায় আদালতের দ্বারস্থ হন, তখন বিচার বিভাগের নিরপেক্ষতাই তাঁর সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়ায়। একইভাবে গণমাধ্যম সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরে এবং ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে সমাজকে সচেতন করে।”
তিনি আরও বলেন, “ক্ষমতাবানদের বিরুদ্ধে সত্য প্রকাশ করা ঝুঁকিপূর্ণ হলেও গণমাধ্যমকে সেই দায়িত্ব পালন করতে হয়; কারণ এটি গণতন্ত্রের একটি সাংবিধানিকভাবে সুরক্ষিত প্রতিষ্ঠান। তবে গণমাধ্যমের স্বাধীনতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এর অর্থনৈতিক কাঠামো। সরকারনির্ভর অর্থায়নে রাজনৈতিক প্রভাবের ঝুঁকি থাকে, আবার কর্পোরেট বিনিয়োগের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা সম্পাদকীয় স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই শক্তিশালী গণমাধ্যম গড়ে তুলতে যেমন বড় বিনিয়োগ প্রয়োজন, তেমনি সম্পাদকীয় স্বাধীনতা ও অর্থনৈতিক টিকে থাকার মধ্যে ভারসাম্য বজায় রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. মো. নুরুন্নবী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গণমাধ্যম একটি রাষ্ট্রের গণতন্ত্র, জবাবদিহি ও সত্য প্রকাশের অন্যতম প্রধান মাধ্যম। স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে স্বাধীনতার পাশাপাশি সাংবাদিকতার নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও পেশাদারত্ব বজায় রাখাও সমান জরুরি।”
বিশেষ অতিথির বক্তব্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান (চলতি দায়িত্ব) সহকারী অধ্যাপক মাজিদুল ইসলাম বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা সবসময় প্রেক্ষাপটের ওপর নির্ভর করে। বর্তমান সময়ে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজকে সঠিক তথ্য প্রদানে অপরিহার্য হয়ে উঠেছে। তরুণ প্রজন্মকে সত্যনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।”
সেমিনারে সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নবনির্বাচিত সভাপতি মো. ইব্রাহিম খলিল। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীদের পাশাপাশি সাংবাদিকরা এই সেমিনারে অংশগ্রহণ করেন।