
মোঃ সেলিম রেজা উপজেলা প্রতিনিধি গাংনী মেহেরপুর।
মেহেরপুরের গাংনীতে মরা গরু জবাইয়ের প্রস্তুতি কালে জাহাঙ্গীর আলম (৪৫) নামের এক মাংস বিক্রেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) দিবাগত মধ্য রাতে গাংনী উপজেলা শহরের কসাইখানায় এ অভিযান পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গাংনী কসাইখানায় একটি মরা গরু জবাই করা হচ্ছে, এমন খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় অভিযুক্ত মাংস বিক্রেতা জাহাঙ্গীর আলম (৪৫) কে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে মৃত গাভীটি মাটির নিচে পুঁতে ফেলার আদেশ দেওয়া হয়।
অভিযানের সময় গাংনী থানা পুলিশের একটিদল উপস্থিত ছিল।
এদিকে, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।