
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মইদুল ইসলাম (৪৮) নামে এক মাদক কারবারির গলকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মইদুল ইসলাম ওরফে আলসা হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত নজির সরদারের ছেলে। নিহত মাদক কারবারির বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের দুজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন একই ইউনিয়নের কোরলগাছা গ্রামের শামছুল ইসলামের ছেলে বেলাল (৪২) ও সন্তোষ (৪৫)। আটককৃতদের বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, মইদুল ইসলাম শিবের বাজারে চায়ের দোকান করতেন। এছাড়া মাদক সেবনের পাশাপাশি মাদক বিক্রি করতেন। আজ (বৃহস্পতিবার) ভোর ৬টার দিকে বাড়ি থেকে হাফ কিলোমিটার দূরে রামচন্দ্রপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে উঁচু ভিটায় গাছের নিচে মইদুলের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা মাদক সংক্রান্ত ঘটনার জের ধরে গতকাল (বুধবার) রাতের আঁধারে দুর্বৃত্তরা তাকে জবাই করে হত্যা করেছে।
নিহতের স্ত্রী শেফালী বেগম জানান, ৪/৫ দিন যাবত মইদুলের চায়ের দোকান বন্ধ ছিল। গতকাল (বুধবার) সন্ধ্যার আগে বাড়ি থেকে বের হয়ে যান। সন্ধ্যার দিকে অপর মাদকসেবী ও মাদক কারবারি বেলালের সাথে এলাকায় ঘোরাফেরা করতে দেখেন। রাতে মইদুল বাড়ি না ফিরলে রাত ৯টার দিকে তাকে কল করলে তার ফোন বন্ধ পান। পরে গভীর রাত পর্যন্ত বাড়ির আশেপাশে খোঁজাখুঁজি করেও মইদুলের কোনো সন্ধান পাননি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।