
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের ঘাটাইলে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে তামান্না ইসলাম তরি (১৭) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও গলায় চার্জারের তার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী রিহান রুমান (২৪)-এর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার উত্তর খিলগাতী গ্রামে বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ব্যবসা করার কথা বলে রুমান ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। এর মধ্যে ছয় লাখ টাকা পরিশোধ করে তরির পরিবার। বাকি চার লাখ টাকার জন্য তরিক নিয়মিত নির্যাতন করা হতো বলে অভিযোগ পরিবারের।
পরিবারের অভিযোগ, মঙ্গলবার রাতে রুমান শ্বশুরবাড়িতে গিয়ে তরিক কাঠের লাঠি দিয়ে এবং কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করেন। একপর্যায়ে তাঁর গলায় চার্জারের তার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।
অভিযোগ রয়েছে, হত্যার পর ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন রুমান। তরি হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন বলে তাঁকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে তরির গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ঘাটাইল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত স্বামী রিহান রুমানকে আটক করেছে।
পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তী সময়ে তা জানানো হবে।