
বিনোদন প্রতিবেদক :
কলকাতার টিভি চ্যানেল জি বাংলার চলমান তুরুপের তাস ‘জগদ্ধাত্রী’ সিরিয়াল শুরুর সেই সময় থেকেই টিআরপি (TRP) তালিকায় দুর্দান্ত স্থান দখল করে আসছে। আর বিগত কয়েক সপ্তাহ ধরে তো প্রথম স্থান দখল করে রেখেছে জগদ্ধাত্রী। কিছুদিন আগে এই সিরিয়ালের ৫০০ পর্ব পূর্তির সেলিব্রেশন হয়েছে। ওইদিনের অনুষ্ঠানে মেতে ছিলেন গোটা জগদ্ধাত্রী পরিবার।
এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক ওরফে জগদ্ধাত্রী এবং সৌম্যদীপ মুখোপাধ্যায় ওরফে স্বয়ম্ভু। বর্তমান সময়ে টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় এবং সেরা জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুর। একদিকে জগদ্ধাত্রী মুখার্জি অন্যদিকে জ্যাস সান্যাল, দুই চরিত্রে অসাধারণ অভিনয় করে সকলের মন জেতে নিয়েছেন নবীন অভিনেত্রী অঙ্কিতা।
পর্দায় জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভুর জুটি যেমন দর্শকদের পছন্দ, ঠিক তেমনি বাস্তবেও এই দুজনের প্রেমের গুঞ্জন বারবার শোনা যাচ্ছে। যদিও তাদের এই সম্পর্ককে ভালো বন্ধুত্ব ছাড়া অন্য কিছু বলতে রাজি নয় এই জুটি। কিছুদিন আগে সেলিব্রেশনের পর সোশ্যাল মিডিয়ায় ভিডিও এবং ছবি দেখে অনেক নেটিজেন মন্তব্য করেছেন – জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু যেনো পর্দার ন্যায় বাস্তবেও বিয়ে করে নেন।
আর এই প্রসঙ্গে স্বয়ম্ভু জানিয়েছেন, আপাতত যাদের এমন ইচ্ছে, এটা তাদের পর্যন্তই থাকুক। তিনি এই বিষয়ে কিছুই ভাবেননি। অন্যদিকে অঙ্কিতা মুচকি হেসে বলেছেন, আমি এই বিষয়ে ওয়াকিবহুল নই। এই প্রথম শুনলাম। অবশ্যই বিষয়টা নিয়ে ভাববো। আর পরেরবার জানিয়ে দেবো।
জানা যায়, অঙ্কিতা এই জগদ্ধাত্রী সিরিয়ালের সাফল্যের কারণ হিসেবে এর গল্পকেই মনে করেন। অভিনেত্রীর মনে হয় এই ধারাবাহিকের গল্পতে সমস্ত কিছুই রয়েছে পারিবারিক ড্রামা, বন্ধুত্ব, প্রেম, ভিলেন আর জ্যাসের ম্যাজিক তো আছে।