
আসাদুল্লাহ আল গালিব, জাককানইবি প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শ্রী অভীক চন্দ্র তালুকদার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ২০ লক্ষ টাকা অনুদান পাচ্ছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অভীক চন্দ্র তালুকদারের প্রযোজনায় নির্মিতব্য চলচ্চিত্রটির নাম ‘হু হ্যাজ মেইড আস ফ্লাই?’। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী শাহ্ সাকিব সোবহান।
১৫ মিনিট দৈর্ঘ্যের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে। অভীক তালুকদার জানান, “চলচ্চিত্রটির গল্প মূলত একটি কাল্পনিক স্যাটায়ারের ভিত্তিতে তৈরি। অভ্যুত্থানের অভ্যন্তরীণ নানা ঘটনার অনুপ্রেরণায় গল্পটির প্লট নির্মাণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, “চিত্রনাট্য তৈরির কাজ শুরু হয়েছে অভ্যুত্থানের পর থেকেই। জানুয়ারি মাসে অনুদানের প্রস্তাবনা তৈরি করা হয়। এখনও স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট পর্যায়ের কিছু কাজ বাকি রয়েছে, যা শেষ হলে শুটিং শুরু হবে।”
অভীক এর আগে অভিনয়, পরিচালনা ও প্রযোজনা—তিন ক্ষেত্রেই কাজ করেছেন। তার পরিচালিত একটি শর্টফিল্ম ইতোমধ্যে একটি বেসরকারি টিভি চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্মে প্রচারিত হয়েছে।
উল্লেখ্য, ২০২৪–২৫ অর্থবছরে সরকার ৩২টি চলচ্চিত্র নির্মাণে মোট ৯ কোটি টাকা অনুদান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ১২টি পূর্ণদৈর্ঘ্য ও ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অন্তর্ভুক্ত রয়েছে।
এই অনুদান দেশের তরুণ নির্মাতাদের স্বাধীনভাবে সৃজনশীল কাজের সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।