
শহিদুল্লাহ মনসুর, জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দর্শন ছাত্র-সংসদের উদ্যোগে আন্তর্জাতিক আল্লামা ইকবাল দিবস উপলক্ষে ‘আল্লামা ইকবাল এবং তার চিন্তা দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
শনিবার (৯ নভেম্বর) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ১০৩ নং কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটি দর্শন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল হামিদ আল জাবেদের সঞ্চালনায় সহকারী অধ্যাপক মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে পরিচালিত হয়।
সভাপতির বক্তব্যে দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ উল্লাহ বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে বহু ভাষা চর্চার অভাব লক্ষ্যণীয়। যে কারণে অনুসন্ধিৎসু মানুষেরা অনেক সাহিত্য এবং দার্শনিক উপাদান থেকে বঞ্চিত। আল্লামা ইকবালের যেসব কবিতা, প্রবন্ধ ও দর্শন উর্দু ও ফারসি ভাষায় রচিত তা প্রতিষ্ঠানগুলোতে মূল ভাষায় চর্চা করা হচ্ছে না। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোতে বহু ভাষার চর্চা গুরুত্বপূর্ণ।
বক্তব্যে তিনি আরও বলেন, আল্লামা ইকবালের দর্শনে ব্যক্তির স্বাধীনসত্তা হয়ে উঠার গুরুত্ব অপরিসীম। দাসত্ব থেকে মুক্তির জন্য খুদী তথা ব্যক্তি আত্মার উন্নয়ন দরকার। দৃঢ় বিশ্বাস, অবিরাম প্রচেষ্টা ও ভালোবাসা বিশ্বজয়কারী গুণাবলী। ব্যক্তির জীবনযুদ্ধে এসব গুণাবলীই তরবারীস্বরুপ। আল্লামা ইকবাল ব্যক্তি মানুষের নীতি হিসেবে সত্য কথা বলার সাহস কে গুরুত্ব দেন। আল্লাহর সাহসী বান্দা (ব্যক্তি) কখনো চতুরতার আশ্রয় নেয় না। তারঁ মতে, খুদীর উন্নতির মাধ্যমেই কেবল এসব গুণাবলী অর্জন সম্ভব।
বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের প্রভাষক হাসান নাঈম বলেন, আত্মার রহস্যকে জানেন বলেই ইকবাল আসরারে খুদি লিখতে পেরেছেন, এছাড়া জাভিদনামা (শাশ্বতের গান) কাব্যটিও তাঁর আধ্যাত্মিক জ্ঞানের পূর্ণতার সাক্ষ্য দেয়। অধ্যাত্মের এই পথে ইকবালের গুরু ছিলেন মওলানা রুমী। রুমী ইকবালের মাটিকে সোনায় পরিণত করে দিয়েছেন। প্রাচ্য এবং প্রতীচ্যের বিরোধের অবসান ঘটিয়ে, শাশ্বত প্রেমের সঙ্গে জ্ঞানের সম্মিলন হোক, এই ছিলো কবি ইকবালের প্রগাঢ় আকাঙ্ক্ষা।
আলোচনা করেন ইসলামিক চিন্তা ও গবেষণা ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক হাসান আল ফেরদৌস বলেন, আল্লামা ইকবালকে বুঝতে হলে তিনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কালকে বুঝতে হবে। তিনি সমগ্র দুনিয়াব্যাপী সাম্রাজ্যবাদের শোষণ বিশেষত আমাদের এই অঞ্চলে ব্রিটিশরা শিক্ষা, অর্থনীতি, আইন ইত্যাদি তে যে শোষণ চালাচ্ছে তা ইকবাল চিন্তনের সাথে প্রাসঙ্গিক করে তোলেন। তিনি বলেন -ইকবালের চিন্তা ছিলো মূলত ইসলামের প্রকৃত দাবী বুঝে মুসলমানদের বর্তমান অবস্থা, সংকট এবং এ সংকট সমাধানের প্রস্তাবনা নিয়ে।