
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল শহরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। মিছিলের পর জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পাল্টা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
রবিবার (২১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোড এলাকায় ৮ থেকে ১০ জন ছাত্রলীগ কর্মী আকস্মিকভাবে একটি ঝটিকা মিছিল বের করে। এ সময় মিছিলকারীরা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দিতে থাকে। প্রায় পাঁচ মিনিট স্থায়ী ওই মিছিলে সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির ছবি সংবলিত ব্যানার প্রদর্শন করতে দেখা যায়।
পুলিশের প্রাথমিক ধারণা, পলাতক আওয়ামী লীগ নেতা তানভীর হাসান ছোট মনির সমর্থকরাই এ ঝটিকা মিছিলের আয়োজন করে। মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অংশগ্রহণকারীরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়।
এ ঘটনায় টাঙ্গাইল সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান আশিককে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে শহরে জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পাল্টা বিক্ষোভ মিছিল বের করে। মিছিল থেকে তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যেকোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা দেয়।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, “নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন কর্মী শহরে ঝটিকা মিছিল বের করেছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত সেখান থেকে চলে যায়। ঘটনাস্থল থেকে আশিক নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। মিছিলের ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
ঘটনার পর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করা হয়েছে।