
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল জেলার ধলেশ্বরী ও লৌহজং নদীর পুনঃখনন এবং টাঙ্গাইল পৌর এলাকার নদীতীর প্রতিরক্ষা কার্যক্রম শীর্ষক একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ মে) এই প্রকল্পের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, নদী আমাদের দেশের প্রাণ। নদীর নাব্যতা রক্ষা এবং ভাঙন প্রতিরোধে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ধলেশ্বরী ও লৌহজং নদীর পানিপ্রবাহ স্বাভাবিক হবে এবং নদীভাঙনের ঝুঁকি অনেকাংশে কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নদীতীরবর্তী মানুষের জীবনমান উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এই প্রকল্প।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে নদীর নাব্যতা বৃদ্ধি, ভাঙন রোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। এতে কৃষি, মৎস্য ও নৌ-যোগাযোগ ব্যবস্থাও উপকৃত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত সহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।