
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের সখীপুরে ১০০ কেজি গাঁজাসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান, একটি মোটরসাইকেল, নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে সখীপুর উপজেলার বেতুয়া তিন রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৪, সিপিসি-৩, টাঙ্গাইলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—ময়মনসিংহ জেলার মো. আশরাফুল আলম (৩৯), কুমিল্লা জেলার মো. রাজু ইসলাম (৩০) ও টাঙ্গাইল জেলার হেলাল মিয়া (৪২)।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেতুয়া তিন রাস্তার মোড়ে পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি কাভার্ডভ্যান ও সেটিকে পাহারা দিয়ে নিয়ে আসা একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। পরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে কাভার্ডভ্যানে মাদক থাকার বিষয়টি স্বীকার করলে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিশেষ কৌশলে প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় মাদক বহনে ব্যবহৃত কাভার্ডভ্যান ও মোটরসাইকেলসহ নগদ টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখে টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
এসআরবি জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদক ও জব্দ করা আলামতসহ তাদের সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।