
ভোরের বাংলা নিউজ ডেস্ক
অক্টোবরে বেসরকারি এলপিজির দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি কেজি এলপিজির দাম ২০ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে ১৫৩ টাকা ৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে সর্বোচ্চ ৯৪৩ টাকা পর্যন্ত বেড়েছে একটি এলপিজি সিলিন্ডারের দাম।
নতুন এ দাম রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
রোববার বিইআরসি এক বিজ্ঞপ্তিতে অক্টোবর মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা করে। সৌদি আরামকোর ঘোষিত এলপিজির মূল্য বা সৌদি সিপি এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যয় বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অক্টোবরের জন্য সৌদি আরামকো প্রোপেনের সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬৮০ মার্কিন ডলার এবং বিউটেনের ৭৩০ মার্কিন ডলার নির্ধারণ করেছে। প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ ধরে গড় সৌদি সিপি নির্ধারণ করা হয়েছে ৭১২ দশমিক ৫০ মার্কিন ডলার।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রিটেইলার পর্যায়ে ভোক্তাদের জন্য মূসকসহ প্রতি কেজি বেসরকারি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১৫৩ টাকা ৬ পয়সা। বিভিন্ন আকারের সিলিন্ডারের দামও সে অনুযায়ী সমন্বয় করা হয়েছে।
সেপ্টেম্বরে প্রতি কেজি এলপিজির দাম ছিল ১৩২ টাকা ১২ পয়সা। সে হিসাবে অক্টোবরে প্রতি কেজিতে দাম বেড়েছে ২০ টাকা ৯৪ পয়সা।
সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা। অক্টোবরে একই পরিমাণের সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৩৭ টাকা, অর্থাৎ বেড়েছে ২৫২ টাকা।
নতুন মূল্য অনুযায়ী, ১২ দশমিক ৫ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৬৫২ টাকা থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৯১৩ টাকা। ১৫ কেজির দাম ১ হাজার ৯৮২ টাকা থেকে বেড়ে ২ হাজার ২৯৬ টাকা এবং ১৬ কেজির দাম ২ হাজার ১১৪ টাকা থেকে বেড়ে ২ হাজার ৪৪৯ টাকা হয়েছে।