
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ি বাজারে আদালতের রায় উপেক্ষা করে মালিককে মিথ্যা মামলায় জেলে পাঠিয়ে একটি দোকানঘরসহ ৭ দশমিক ২৫ শতাংশ জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সম্পত্তি ফিরে পেতে স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় বেড়বাড়ি বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দা এস এ শাহীন এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে এস এ শাহীন জানান, বেড়বাড়ি বাজারের ওই জমি ও দোকান নিয়ে ভাড়াটিয়াসহ কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর বিরোধ চলে আসছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে একটি মামলায় তাঁর পক্ষে রায় আসে। তবে প্রতিপক্ষ তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা দায়ের করে তাঁকে জেলহাজতে পাঠায়। এ সুযোগে শাহিন মিয়া (৪৫), লেবু মিয়া (৪৩), ফজল মিয়া (৪৭), সাবেক ভাড়াটিয়া নূরুল ইসলাম (৪০)সহ ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ চক্র ওই জমিতে প্রবেশ করে দোকানঘর দখল করে নেয় বলে তিনি অভিযোগ করেন।
এস এ শাহীন আরও অভিযোগ করেন, আদালতে হেরে যাওয়ার পর নূরুল ইসলাম বিরোধপূর্ণ জমিটি শাহিন মিয়ার কাছে বিক্রি করেন। পরে শাহিন মিয়া স্বেচ্ছাসেবক দলের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব খাটিয়ে জমিটি দখলে নেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক, বেড়বাড়ি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল শিকদার, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জলিল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন কাঁকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এদিকে দলীয় পরিচয় ব্যবহারের অভিযোগের বিষয়ে যাদবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম বলেন, শাহিন মিয়া স্বেচ্ছাসেবক দলের কোনো পর্যায়ের নেতা বা কমিটির সদস্য নন। একসময় তিনি পদে অন্তর্ভুক্তির আবেদন করলে তাঁকে দলের পক্ষে কাজ করতে বলা হয়েছিল। দলীয় পরিচয়ের অপব্যবহার করে কেউ কোনো অপকর্ম করলে তার দায় দল নেবে না। এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ অবৈধ।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে শাহিন মিয়া মুঠোফোনে বলেন, তিনি একজন প্রবাসী। ২০২৪ সালে দেশে এসে বৈধ কাগজপত্রের ভিত্তিতে নূরুল ইসলামের কাছ থেকে জমিটি কিনেছেন। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
এ ঘটনায় ভুক্তভোগী সম্পত্তি ফিরে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।