
ঢাকা কলেজ প্রতিবেদক
ভাষার জন্য আত্মোৎসর্গ করা শহীদদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে ঢাকা কলেজ ক্যাম্পাসে আয়োজিত হয় আঞ্চলিক ভাষা বিতর্ক, আলোচনা সভা এবং কলেজের ইতিহাসে প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারের সাথে মিল রেখে রাত ১২:০১ মিনিটে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন।
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম ইলিয়াস প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ঢাকা কলেজের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ঢাকা কলেজ শাখার রাজনৈতিক সংগঠনসমূহ, জেলা ছাত্র কল্যাণ সমিতি, কলেজের আবাসিক হলসমূহের শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন ক্লাবসমূহ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মরণ করেন।
ঢাকা কলেজের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইউনুস হোসেন (২৩-২৪ সেশন) জানান, “এই প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারের সময়ানুযায়ী রাত ১২:০১ মিনিটে ঢাকা কলেজ ক্যাম্পাসে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, যা ভাষা শহীদদের প্রতি সম্মানের এক অনন্য নিদর্শন।”
এছাড়া, ঢাকা কলেজের সকল সংগঠন তাদের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমের পেইজ থেকে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে রাত ১২:০১ মিনিটে শ্রদ্ধা নিবেদন করে পোস্ট প্রকাশ করে। এর মধ্যে রয়েছে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি, ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি, ঢাকা কলেজ সাইকোলজি সোসাইটি সহ অন্যান্য সংগঠন।