
কোটচাঁদপুর প্রতিনিধি
দেশজুড়ে এখন একটাই আলোচনার কেন্দ্রবিন্দু,আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬। এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণকে সফল ও অংশগ্রহণমূলক করতে ঝিনাইদহ জেলা প্রশাসন জোরেশোরে মাঠে নেমেছে। এরই ধারাবাহিকতায় তরুণ ভোটার ও শিক্ষার্থীদের ভাবনা, প্রত্যাশা ও দায়িত্ব নিয়ে এক গণসংলাপ অনুষ্ঠিত হয়েছে ঝিনাইদহের কোটচাঁদপুরে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে কোটচাঁদপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ সংলাপে সকাল থেকেই তরুণ ভোটার ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আয়োজিত এ সংলাপে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, দুই শতাধিক শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল, জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মো. সায়েম ইউসুফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহেল রানা, কোটচাঁদপুর মডেল থানার তদন্ত ওসি এনায়েত হোসেন এবং কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ বাশার , সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আপেলসহ নির্বাচন ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংলাপে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের প্রয়োজনীয়তা এবং গণতন্ত্র রক্ষায় তরুণদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিক্ষার্থী ও তরুণরা তাদের বিভিন্ন প্রশ্ন উত্থাপন করলে উপস্থিত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও অতিথিরা তাৎপর্যপূর্ণ উত্তর দেন।
গণসংলাপে জেলা পুলিশ সুপার মাহফুজ আফজাল বলেন, “রাষ্ট্র সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ এবং বিপক্ষে ‘না’—এই গণভোট একটি ঐতিহাসিক সুযোগ। সাম্য, মানবিক ও সমতাভিত্তিক মর্যাদাশীল বাংলাদেশ গঠনে জনগণের ম্যান্ডেটই একমাত্র পথ। ফ্যাসিবাদের কোনো সুযোগ নেই।”
জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের দিনগুলো আমাদের স্মরণে রাখতে হবে। ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গঠনে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনমত তৈরি করা জরুরি। ‘হ্যাঁ’ জয়ী হলে সংস্কার বাস্তবায়নের পথ সুগম হবে। আর ‘না’ ভোট মানে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া শহিদ ও আহত যোদ্ধাদের অস্বীকার করা। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন উপহার দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা গণভোট ও জাতীয় নির্বাচনের প্রস্তুতি, দায়িত্ব এবং করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
সংলাপ অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক সরকারি খন্দকার মোশারফ হোসেন কলেজে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কার্যক্রমে যোগ দেন।