
তিতাসে গলাকাটা লাশ উদ্ধার, নিহত বরিশালের রিয়াজ
রিয়া মনি
কুমিল্লার তিতাস উপজেলায় সড়কের পাশে পড়ে থাকা এক অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) সকালে হোমনা-গৌরীপুর আঞ্চলিক মহাসড়কের জিয়ারকান্দি গুলবাগ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম ইমতিয়াজ ওরফে রিয়াজ (৩০)। তিনি বরিশালের কাজিরহাট থানার রতনপুর গ্রামের দুলাল হাওলাদারের ছেলে।
ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরিও উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্ল্যাহ বলেন, “ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে। মরদেহে কেবল গলার অংশে আঘাত রয়েছে। যা থেকে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “পরিচয় শনাক্ত হওয়ায় আমরা দ্রুত হত্যার রহস্য উদঘাটনে সক্ষম হব বলে আশা করছি।”