
নেয়ামুল হক রনি, গৌরনদী(বরিশাল)।
বরিশালের গৌরনদীর একটি নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় হওয়ার পর দীর্ঘ সময় ধরে আত্মগোপনে ছিলেন মো. সাইদুল হক সরদার। একসময় গৌরনদী ছেড়ে গাজীপুরে অবস্থান নেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাসন থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরদিন বুধবার (৩০ সেপ্টেম্বর) গ্রেপ্তার সাইদুল হক সরদারকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সাইদুল হক সরদার গৌরনদী থানার উত্তর গেরাকুল এলাকার বাসিন্দা এবং আঃ রহমান সরদারের ছেলে। ২০০৯ সালে দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন মামলায় আদালতের রায়ে তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
মামলার নথি অনুযায়ী, গৌরনদী থানার এফআইআর নং-৯, জিআর-৯৮/০৯, ২১ জুলাই ২০০৯ তারিখের মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৭/৯(১) ধারায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
দীর্ঘ সময় পলাতক থাকার পর গাজীপুর মহানগরীর বাসন এলাকায় তার অবস্থানের তথ্য পায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. সাইদুল হক সরদারকে আদালতে সোপর্দ করা হয়েছে।