
মো: ইরান মিয়া
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থান ২০২৪–এর প্রথম বার্ষিকী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে উদ্বোধন করা হয়েছে ‘জুলাই ৩৬ কর্ণার’। সোমবার (২৮ জুলাই) উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম কর্ণারটির উদ্বোধন করেন।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “ছাত্র-জনতার আত্মত্যাগ ও সংগ্রামের স্মারক হিসেবে ‘জুলাই ৩৬ কর্ণার’ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে। কারও কাছে যদি নতুন তথ্য বা নথি থাকে, তা এই কর্ণারে জমা দেওয়ার আহ্বান জানাই।”
উদ্বোধন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এবং অতিথিরা কর্ণারটি পরিদর্শন করেন। সেখানে গণঅভ্যুত্থানের আলোকচিত্র, দলিল–দস্তাবেজ ও বই সংরক্ষিত রয়েছে। পরে অতিথিরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হুদা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বখতিয়ার উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।