
মো. নাজিউল্লাহ ভূইয়া
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জের নয়াবাজার ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের পেশাগত দিকনির্দেশনা ও সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে “ক্যারিয়ার উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতা” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালার সভাপতিত্ব করেন কলেজটির অধ্যক্ষ আব্দুল মালেক মিয়া। সঞ্চালনায় ছিলেন মো. শহীদুল ইসলাম রাজু।
প্রধান অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া। তিনি বলেন, ‘শহীদদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীন দেশে নিরাপদ পরিবেশে এই ধরনের শিক্ষামূলক আয়োজন করতে পারছি। তাঁদের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।’শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘জীবনে লক্ষ্য নির্ধারণ করাটা অত্যন্ত জরুরি। মনের গভীর চাহিদা থেকেই আসে সাফল্য। সঠিক লক্ষ্য নির্ধারণ করে কঠোর পরিশ্রম করলে যেকোনো উচ্চতায় পৌঁছানো সম্ভব। তবে ক্যারিয়ারের পাশাপাশি একজন মানুষকে মানবিকও হতে হবে।’
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি’র আটিবাজার শাখার প্রিন্সিপাল অফিসার এম. এ. মারুফ। কেরানীগঞ্জের কৃতিসন্তান মারুফ বলেন, ‘সফল ক্যারিয়ারের পেছনে শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা নয়, প্রয়োজন সামাজিক দায়বদ্ধতাও। শিক্ষার্থীদের এখন থেকেই সমাজ ও দেশের প্রতি দায়িত্ববোধ নিয়ে গড়ে উঠতে হবে।’
কর্মশালায় অংশ নেওয়া একাদশ শ্রেণির শিক্ষার্থী লিতু আক্তার বলেন, ‘আমরা সাধারণত পড়াশোনা ও পরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকি। এই কর্মশালায় এসে বুঝেছি, স্বপ্ন দেখতে হবে এবং তা বাস্তবায়নে পরিশ্রম করতে হবে। পাশাপাশি আমাদেরকে মানবিক হতে হবে। ইউএনও স্যার ও মারুফ স্যারের বক্তব্য আমাকে খুবই অনুপ্রাণিত করেছে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, উপজেলা একাডেমিক সুপারভাইজার ও শাক্তা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক হালিমা আক্তার, নয়াবাজার কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জাকারিয়া হাবীব, মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী মো.শামীম হাসান, শাক্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান এবং ঢাকা জেলার যুবদল নেতা মো. মাসুদ রানা, আয়াত উল্লাহ চৌধুরী সায়মন, শাওন আহমেদ প্রমুখ।
সমাপনী বক্তব্যে অধ্যক্ষ আব্দুল মালেক মিয়া বলেন, ‘পরিশ্রমই মানুষের সবচেয়ে বড় সম্পদ। আমি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছি, কিন্তু কোনো পরিশ্রমীকে পরাজিত হতে দেখিনি। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও দায়বদ্ধতা নিয়ে এগিয়ে যেতে হবে।’