
পিরোজপুর প্রতিনিধি
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীপুত্র মাসুদ সাঈদী বলেছেন, ডাকসু-জাকসুতে দেখলাম আমাদের কিছু বন্ধু রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে। আমরা বলতে চাই, নির্বাচন বর্জন না করে নিজেদের খারাপ আচরণগুলো বর্জন করুন। জনগণের কাছে যান, জনগণের ভালোবাসা পেতে চেষ্টা করুন। জনগণ কী চায় তা বোঝার চেষ্টা করুন। তাহলে আর ভোট বর্জন করতে হবে না।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে পিরোজপুরের জিয়ানগর উপজেলার ঘোষেরহাট বাজারে সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগ আয়োজিত এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে যারাই ক্ষমতায় এসেছে তাদের অধিকাংশই চেয়ারটাকে পৈতৃক সম্পত্তি হিসেবে মনে করেছে। দেশ বা জনগনের উন্নয়নের কথা তারা চিন্তা করেনি। দেশের সম্পদ বিদেশে পাচার করেছে, বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। তারা জোর করে ক্ষমতায় থাকতে চেষ্টা করেছে, কিন্তু কেউ পারেনি। তিনি আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে দাবি করে বলেন, পিআর পদ্ধতি একটি গ্রহণযোগ্য পদ্ধতি। কিন্তু যারা কালো টাকায় নির্বাচন করে এবং মনোনয়োন বাণিজ্য করে তারাই কেবল পিআর পদ্ধতির বিরোধিতা করে।
যুব সমাবেশে মাসুদ সাঈদী আরও বলেন, অতীতের অন্য সব নির্বাচনের সাথে ২০২৬ সালের নির্বাচন মেলানো যাবে না। বাংলাদেশের রাজনীতিতে এখন একটি নতুন মেরুকরণ চলছে। নিবন্ধিত অনেকগুলো ইসলামী দল মিলে একটি নতুন মোর্চা তৈরি হয়েছে। ৫৪ বছরে আপনারা অনেক দল এবং অনেক মার্কা দেখেছেন। এবার ইসলামী দলসমূহের মনোনীত প্রার্থীদের সবাই ভোট দিবেন।