
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে অনিয়মসহ নানা অসঙ্গতি পেয়ে জেলা সদরের রশিদা ফিলিং স্টেশন নামক একটি তেল পাম্পে ভ্রাম্যমান আদালত পরিচালনো করে ৫হাজার টাকা জরিমানা করেছে সদর উপজেলা প্রশাসন।
রবিবার (৩ মে) বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক, নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুবাশ্বিরা আমাতুল্লাহ এ জরিমানা করেন।
অভিযান সূত্রে জানা যায়, ফিলিং স্টেশনটিতে বোতল ও জারে তেল বিক্রি, ফুয়েল কার্ড ব্যতীত তেল বিতরণ এবং পরিমাপে অসঙ্গতির মতো একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব কার্যক্রম সরকার নির্ধারিত নীতিমালার পরিপন্থী হওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, ১২ লিটার একটি বাইকের ট্যাংকে ১৪ লিটার জ্বালানি দেয়ার দাবী করেছেন রশিদা ফিলিং ষ্টেশন নামক ওই তেল পাম্পে কর্মরত এক ব্যক্তি। এ দাবীর বিপক্ষে পাম্পে কর্মরতদের বিরুদ্ধে তেল পরিমাপে অনিয়মের অভিযোগ তোলে বাইক চালক। এসংক্রান্ত ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের জানান, “ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও কোনো প্রতিষ্ঠান অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি”।