
ভোরের বাংলা নিউজ ডেস্ক
গতকাল ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আপনার সম্পাদিত ভোরের বাংলা নিউজ পত্রিকা পত্রিকায় ‘নিজের নাম্বারে ফেইক আইডি,জানেন না মানবজমিনের সাংবাদিক’ শিরোনামে একটি সংবাদ প্রচারিত হয়। সেখানে উল্লেখ করা হয়েছে যে আমি ‘afnan Raj’ নামের একটি ফেইক আইডি থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপ ও পেজে নানা সময়ে বিভিন্ন ব্যক্তিকে উদ্দেশ্য করে অশালীন ও আক্রমণাত্মক মন্তব্য করি। কোনো ধরণের প্রমাণ কিংবা অভিযোগ ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন গ্রুপের ইন্ধনে আমার নাম দিয়ে এই ধরণের মিথ্যা সংবাদ প্রকাশ করে আমার মানহানি করা হয়েছে। সম্প্রতি আমাকে ঘিরে বিভিন্ন ধরণের গ্রুপ অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচারের অংশ হিসেবে আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে এই সংবাদটি প্রকাশ করা হয়েছে। ইতোমধ্যে আমি এসব ঘটনায় গত ১৪ সেপ্টেম্বর ত্রিশাল থানায় একটি সাধারণ ডায়েরিও করেছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।
প্রকাশিত নিউজে উদ্দেশ্যমূলকভাবে ছাত্রদলকে ব্যবহার করে ছাত্রদলের সাথে একটি দ্বান্দিক সম্পর্ক তৈরি করার চেষ্টা করা হয়েছে। সেই নিউজে ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেনের যে বক্তব্য দেওয়া হয়েছে সেটিও ভুলভাবে প্রচার করা হয়েছে যেটি ইমরান ফরহাদ হোসেন স্বীকার করেছে যার প্রমাণ আমার কাছে রয়েছে। নিউজে আমার যে বক্তব্য দেওয়া হয়েছে সেটিও ভুল বক্তব্য এবং ভোরের বাংলা নিউজের কোনো প্রতিবেদক আমার থেকে বক্তব্য নেয়নি।
এছাড়া এই নিউজে আমাকে নিষিদ্ধ ছাত্রলীগ ট্যাগ দেওয়া হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের কোনো কমিটিতেই আমার নাম নেই কিংবা ছাত্রলীগের রাজনীতির সাথে আমার কোনো ধরণের সম্পর্ক ছিল না। আমি ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরেই নিরাপদ সড়ক আন্দোলনে অংশ নিয়ে ছাত্রলীগের রোষানলে পড়ি এবং এরপর থেকেই ক্যাম্পাস সাংবাদিকতার সাথে যুক্ত হই। ২০২৩ সালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে একটি নিউজ করার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্রলীগ মিলে বিএনপি-জামায়াত ট্যাগ দিয়ে ২০২৪ সালের ডামি নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করছি এমন অভিযোগে আমিসহ আরও ২ সাংবাদিকের নামে মামলা দেওয়া হয় । ২০২৪ সালের গণঅভ্যুত্থানে একজন সংবাদকর্মী হিসেবে অভ্যুত্থানের পক্ষে সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করেছি এবং এর জন্য বিভিন্ন হুমকিরও শিকার হয়েছি।
এমতাবস্থায় আমি আমার বিরুদ্ধে এই ধরণের সম্মানহানিমূলক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রেরক,
মো. কামরুল হাসান
সভাপতি
সাংবাদিক সমিতি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়