
কাহালু প্রতিনিধি
মো: ফিরোজ আহম্মেদ
বগুড়া-সিরাজগঞ্জ প্রস্তাবিত সাতটি স্টেশনসহ রেললাইনের নকশা।
বগুড়া-সিরাজগঞ্জ প্রস্তাবিত সাতটি স্টেশনসহ রেললাইনের নকশা।
প্রকল্প অনুমোদনের প্রায় সাড়ে ৫ বছর পর বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করেছে বগুড়ার জেলা প্রশাসন। প্রয়োজনীয় জমি অধিগ্রহণের প্রস্তাবসংবলিত ৪ ধারার নোটিস ভূমিমালিকদের কাছে পাঠানো হয়েছে। পাশের জেলা সিরাজগঞ্জেও জমির মালিকদের নামে নোটিস প্রস্তুতের কাজ চলছে। কর্মকর্তারা বলছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতেই প্রকল্পের নির্মাণকাজ শুরু হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ৮৫ কিলোমিটার ডুয়েল গেজ (ব্রড গেজ ও মিটার গেজ) নতুন রেলপথ নির্মাণের জন্য মোট ৯৬০ একর জমি অধিগ্রহণের প্রয়োজন হবে। বগুড়া জেলা সীমানায় অধিগ্রহণ করা হবে ৪৭৯ দশমিক ১৫ একর। বাকি ৪২০ দশমিক ৬৮ একর জায়গা অধিগ্রহণ করা হবে সিরাজগঞ্জ জেলায়। ভূমি অধিগ্রহণ খাতের ব্যয় মেটানোর জন্য প্রকল্পে ১ হাজার ৯২১ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে।
বগুড়ার শাজাহানপুর উপজেলার হড়িগাড়ি গ্রামের বাসিন্দা তবিবুর রহমান জানান, তার ২০ শতাংশ জমি বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পে অধিগ্রহণ করার কথা জানিয়ে ১১ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয় থকে ৪ ধারার নোটিস পাঠানো হয়েছে। ন্যায্যমূল্য পেলে প্রকল্পের জন্য জমি দিতে তার কোনো আপত্তি নেই।