
পরশুরাম (ফেনী) প্রতিনিধি
বিএনপি জনগণের একটা নিরাপত্তার বেষ্টনী। এমন মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী-১ সংসদীয় আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু।
মঙ্গলবার মঙ্গলবার (২০ আগস্ট) বিকালে ‘ছাত্র-জনতার ওপর গণহত্যার দায়ে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে’ পরশুরাম উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শহরের রেলক্রসিং মোড়ে অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
রফিকুল আলম মজনু বলেন, গণতান্ত্রিক প্রত্যয়ের জন্য আমরা লড়াই করেছি। আমাদের অনেক লোক শহীদ হয়েছেন; বৈষম্যবিরোধী আন্দোলনে শিশুরা জীবন দিয়েছে। পুলিশের ভাইরাল হওয়ার বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে ‘একটা মারি, সেখানে আর একজন এসে দাঁড়িয়ে যায়।’
মজনু বলেন, শেখ হাসিনা চেয়েছেন বিচার প্রাঙ্গণে যুবলীগ-ছাত্রলীগের বিচারপতি থাকতে হবে। যারা ছাত্রলীগের ক্যাডার ছিল তাদের তিনি পুলিশে ঢুকিয়েছেন, তাদের গুরুত্বপূর্ণ কাজ দিয়েছেন। তিনি বলেন, গত ১৫ বছরের দুঃশাসন দেশের স্বাধীনতাকে দুর্বল করে দিয়েছে। জাতিকে ১৮ লাখ কোটি টাকার ঋণে আবদ্ধ করে গেছে। পাচার হয়েছে প্রায় ১০০ বিলিয়ন ডলার। ভারতের কাছে অনুরোধ করব আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অপরাধীকে বাংলাদেশ সরকারের কাছে তুলে দিন।
উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক চেয়ারম্যানের সভাপতিত্বে সদস্য সচিব ইব্রাহিম খলিল মনির সঞ্চালনায় অবস্থান কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব ফেনী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, যুগ্ম আহ্বায়ক গাজী মানিকসহ বিএনপির নেতারা। এর আগে, দিনব্যাপী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংসদীয় এই আসনের বিভিন্ন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।