
মোঃ নাজিউল্লাহ ভূঁইয়া
কেরানীগঞ্জ প্রতিনিধি:
“ভালোকে হ্যাঁ, খারাপকে না”— এমন স্লোগানে কেরানীগঞ্জে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচি। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ তাদের ১৮৯৭তম আয়োজন হিসাবে কেরানীগঞ্জের
নয়াবাজার উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা সবুজ কার্ড উঁচিয়ে ধরে
দেশপ্রেম, সততা ও ইতিবাচক চিন্তার পক্ষে “হ্যাঁ” বাচক শব্দ উচ্চারণ করে সমর্থন প্রকাশ করে এবং লাল কার্ড উঁচিয়ে মাদক, ইভটিজিং ও কিশোর অপরাধের বিরুদ্ধে “না” বাচক শব্দ উচ্চারণ করে প্রতিবাদ জানায়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি তালুকদার মোহাম্মদ নূরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রধান উপদেষ্টা ও রোদসী সম্পাদক সাবিনা ইয়াসমীন।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটিবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আনোয়ার হোসেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, সিনিয়র শিক্ষক মোহাম্মদ আব্দুল হাকিম, সহকারী শিক্ষক নাজিউল্লাহ ভূঁইয়া, অভিভাবক সদস্য মোস্তফা মহসিন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক এম. এস. আই ফরিদ ভূঁইয়া, ঢাকা জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান, অর্থ সম্পাদক মেহেদী হাসান মারুফ, সদস্য জুনায়েদ সাদ, আজমাইন ও আব্দুর রহমান প্রমুখ।
প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মনে খারাপকে ‘না’ এবং ভালোকে ‘হ্যাঁ’ বলার মানসিকতা গড়ে উঠবে। তিনি আরও জানান, সংগঠনটির সকল সদস্যই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁরা প্রতি মাসে নিজেদের একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে গত ১৪ বছর ধরে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর অপরাধ থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে কাজ করছেন।এছাড়া তাঁরা পথশিশুদের শিক্ষা উপকরণ বিতরণ, বৃক্ষরোপণ এবং সামাজিক সচেতনতামূলক নানা কার্যক্রম পরিচালনা করছেন। সংগঠনটি ইতিমধ্যে সারাদেশে প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে সচেতন করেছে এবং ৬ লাখেরও বেশি গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং ও স্মার্টফোন আসক্তি থেকে দূরে থাকার শপথ পাঠ করান কাওসার আলম সোহেল।সমগ্র অনুষ্ঠানে বিশেষ সহযোগিতা করেন বিদ্যালয়ের স্কাউট দল ও রেড ক্রিসেন্ট দলের সদস্যরা।