
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরীবাইদ ইউনিয়নের গুবুদিয়া গফুর বাসস্ট্যান্ড এলাকায় চোর সন্দেহে জিহাদ নামে সাত বছরের এক শিশুকে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে মফেজ উদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিশুটির স্বজন ও স্থানীয়রা।
শিশুটির নানা মফিজুল ইসলাম ও নানি মাছাঃ বকুলি বেগমের অভিযোগ, জিহাদের বাবা-মা নেই। গত ছয় বছর ধরে তাঁরা শিশুটিকে লালন-পালন করে আসছেন। জিহাদ গুবুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের ভাষ্য, রবিবার সন্ধা রাতে গুবুদিয়া গ্রামের মৃত তুফাইনা ফকিরের ছেলে মফেজ উদ্দিন জিহাদকে ডেকে নিয়ে যান। পরে চোর সন্দেহে তাকে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ করেন তারা। বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।
শিশুটির নানা মফিজুল ইসলাম বলেন, কোনো ধরনের যাচাই-বাছাই বা আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে শুধু সন্দেহের ভিত্তিতে একজন শিশুকে মারধর করা অত্যন্ত গুরুতর অন্যায়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, শিশুটির নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ ঘটনায় শিশুটির নানা বাদী হয়ে মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
এদিকে স্থানীয় বাসিন্দারাও ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাইয়ের দাবি জানিয়েছেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনার পাশাপাশি ভবিষ্যতে কোনো শিশুকে চোর সন্দেহে নিজের হাতে বিচার বা শারীরিকভাবে নির্যাতন না করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, খবর শুনেছি বিষয়টি তদন্ত করার জন্য পুলিশ কর্মকর্তা পাঠিয়েছি। জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মফেজ উদ্দিনের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।শিশু জিহাদ মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।