
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: ধর্ম আলাদা, বিশ্বাস আলাদা; কিন্তু বন্ধুত্বের বন্ধন ছিল আজীবনের। এক বন্ধু ছিলেন স্থানীয় মসজিদের মুয়াজ্জিন, অন্যজন হিন্দু সম্প্রদায়ের মানুষ। প্রিয় বন্ধুর মৃত্যুর খবর পেয়ে ছুটে এলেন বাল্যবন্ধু বীর মুক্তিযোদ্ধা সুরেশ (৭০)। মাঠে চলছিল মুসলিম বন্ধু হাকিম ডাকুয়ার (৭০) জানাজা। আর পাশের ব্রিজের ওপর দাঁড়িয়ে নীরবে অপলক দৃষ্টিতে বন্ধুর শেষ বিদায়ের দৃশ্য দেখছিলেন তিনি। দুই ভিন্ন ধর্মের মানুষের এমন অকৃত্রিম বন্ধুত্বের দৃশ্য আবেগাপ্লুত করেছে স্থানীয়দের।
মর্মস্পর্শী এ ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামের। সম্প্রতি বার্ধক্যজনিত কারণে মারা যান স্থানীয় কৃষক ও মসজিদের মুয়াজ্জিন হাকিম ডাকুয়া। বন্ধুর মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন তাঁর দীর্ঘদিনের বাল্যবন্ধু বীর মুক্তিযোদ্ধা সুরেশ। জানাজার মাঠে উপস্থিত হলেও ধর্মীয় রীতির প্রতি শ্রদ্ধা রেখে জানাজায় অংশ না নিয়ে পাশের ব্রিজের এক পাশে নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।
এ সময় অপলক দৃষ্টিতে দেখছিলেন বন্ধুর শেষ বিদায়। শৈশব থেকে একসঙ্গে বেড়ে ওঠা, হাসি-কান্না ও সুখ-দুঃখ ভাগাভাগি করে কাটানো জীবনের স্মৃতিগুলো হয়তো তখন তাঁর মনে ভিড় করছিল। বন্ধুকে হারানোর বেদনা আর শেষবারের মতো দেখার আকুলতা তাঁর নীরব উপস্থিতিতেই যেন ফুটে উঠেছিল।
সুরেশের এমন উপস্থিতি স্থানীয়দের মধ্যে আবেগের সৃষ্টি করেছে। অনেকেই ঘটনাটিকে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক বন্ধুত্বের অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন। তাঁদের মতে, ধর্মীয় পরিচয় আলাদা হতে পারে, কিন্তু মানুষের প্রতি মানুষের ভালোবাসা ও বন্ধুত্বের সম্পর্ক কোনো ধর্মের সীমানায় আটকে থাকে না।
হাকিম ডাকুয়া পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কিন্তু রেখে গেছেন দীর্ঘদিনের বন্ধুত্বের অসংখ্য স্মৃতি। আর বন্ধুর শেষ বিদায়ের মুহূর্তে ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা সুরেশের নীরব উপস্থিতি যেন আবারও প্রমাণ করল—বন্ধুত্বের কাছে ধর্মীয় বিভেদ নয়, বড় হয়ে ওঠে মানুষের প্রতি মানুষের ভালোবাসা।
বন্ধুত্বের কোনো ধর্ম নেই, মানবতার বন্ধনই সবচেয়ে বড়।