
ইবি সংবাদদাতা:
সম্প্রতি ভারতীয় পুরোহিত কর্তৃক বিশ্বনবী মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি এবং তা বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ স্লোগানে বিক্ষোভ মিছিলটি শুরু করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও পার্শ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।
এসময় ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. রুহুল আমিন, কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ আলী খান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সিনিয়র ইমাম মনিরুজ্জামান সহ বিভিন্ন বিভাগের পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মিছিলে শিক্ষার্থীরা ‘দ্বীন ইসলাম দ্বীন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো’, ‘বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান’, ‘তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মোস্তফা’ ও ‘সবাই মিলাই হাতে হাত, মোরা রাসূলের উম্মাত’ সহ বিভিন্ন স্লোগান দেয়।
সমাবেশে বক্তারা বলেন, ভারতের বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় রাসূল (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছে এবং বিজেপি সরকার তা সমর্থন দিয়েছে। যা একটা সভ্য জাতির পক্ষে সম্ভব না। এছাড়াও মসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকিও দিয়েছেন ঐ কট্টর হিন্দুত্ববাদী নেতা। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
বক্তারা আরও বলেন, যদি দোষীদের শাস্তির আওতায় না আনা হয়, তাহলে সাড়া বিশ্ব থেকে এমন গর্জন আসবে যার ফলে দিল্লি টুকরো টুকরো হয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনুরোধ কুটনৈতিকভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে। পৃথিবীর মুসলিমরা তাদের গায়ে একবিন্দু রক্ত থাকতে রাসুল (সা.) কে নিয়ে কটূক্তির অপমান সহ্য করবে না। এসময় ভারতীয় পণ্ডিত ও বিজেপি নেতার এই ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের জন্য মুসলিম উম্মার কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। পাশাপাশি ভারতীয় পণ্য বর্জনের জন্য সর্বস্তরের জনগণের প্রতিও আহ্বান জানান বক্তারা।