
স্টাফ রিপোর্টার(বরিশাল)
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারের চলমান নিষেধাজ্ঞার ছয়দিনে মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলা থেকে ৯২জন জেলেকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন-নিষেধাজ্ঞার শুরু থেকে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড, থানা ও নৌ-পুলিশের যৌথ অভিযান অব্যাহত রেখেছে।
এরমধ্যে গত ৪ অক্টোবর থেকে ৯ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত ছয়দিনে মেঘনার নদীর হিজলা উপজেলা থেকে ৯২ জন জেলকে আটক করা হয়।
সিনিয়র মৎস্য অফিসার আরও জানিয়েছেন-আটক জেলেদের মধ্যে ৭২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড, ১২ জনকে জরিমানা ও অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ৮ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়াও হিজলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. ইলিয়াস সিকদারের পরিচালিত মোবাইল কোর্টে ৫৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মোহাম্মদ আলম বলেন-সরকারের নিষেধাজ্ঞা চলাকালীন এ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর সন্ধ্যায় মেঘনা নদীর হিজলা উপজেলার আলীগঞ্জ এলাকায় মা ইলিশ রক্ষা অভিযানিক দলের ওপর জেলেরা হামলা চালিয়েছে। এতে উপজেলা মৎস্য কর্মকর্তা ও কোষ্ট গার্ডের পাঁচজন সদস্য আহত হয়। হামলার সাথে জড়িত সাত জেলেকে আটক করা হয়েছে।