
বিনোদন প্রতিবেদক
গতকাল শুক্রবার বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে ব্রাত্য বসুর সিনেমা ‘হুব্বা’। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনয়শিল্পী মোশাররফ করিম। মুক্তির পর থেকেই প্রশংসা পাচ্ছে ছবিটি, হুব্বার চরিত্রে মোশাররফ করিমকে প্রশংসায় ভাসিয়েছেন সমালোচকেরা।
প্রধান চরিত্রে ওপার বাংলার মোশাররফ করিমের মস্তানি এতটাই বিশ্বাসযোগ্য, অবাক হতে হয়’, এভাবেই মোশাররফ করিমের অভিনয়ের প্রশংসা করা হয়েছে পশ্চিমবঙ্গের গণমাধ্যম সংবাদ প্রতিদিনের অনলাইন সংস্করণে।
এই সমালোচনায় আরও বলা হয়েছে, ‘এলাকার ডন আর পুলিশের লড়াই কেমন চাবুক টানটান হতে পারে, ইন্দ্রনীল আর মোশাররফের দৃশ্যগুলো দেখিয়ে দিয়েছে। এই পুলিশেরই দাম্পত্য জীবনে কত জটিল বাঁক থাকতে পারে, তা-ও দেখার।’
হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণে সিনেমাটি সম্পর্কে লেখা হয়েছে, ‘সব মিলিয়ে বলা যায়, বাংলার প্রেক্ষাপটে আরও একটা “ডন” বানিয়ে ফেলেছেন পরিচালক ব্রাত্য বসু।
যে গল্প ফিল্মির থেকেও অনেক বেশি বাস্তব। তবে আবার “হুব্বা”তে মিশেছে বাণিজ্যিক বাংলা ছবির মসলাও। সব মিলিয়ে পাকা রাঁধুনির মতোই রান্নাটা করেছেন পরিচালক ব্রাত্য বসু। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত সেভাবে কোনো ফাঁকফোকর নেই। কোথাও সেভাবে মনে হবে না, এই মসলার পরিমাণটা একটু বেশি পড়ে গিয়েছে, আরেকটু কম হলে ভালো হতো। বলা ভালো “হুব্বা”বেশ পোক্ত হাতে তৈরি ছবি, যেখানে আগাগোড়া বিনোদনের সব রসদই রয়েছে। আবার তাতে কোথাও এতটুকু বাড়াবাড়ি নেই। গল্পটা কোথাও বাস্তব না মনে হয়ে অতিরিক্ত ফিল্ম মনে হয়নি।’