
রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে অজ্ঞাত বৃদ্ধের পায়ে কলসি বাঁধা লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। শনিবার (১৬ নবেম্বর) উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকার শীতলক্ষ্যা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার বৃদ্ধের পরিচয় জানা যায়নি।
নৌ পুলিশের উপ-পরিদর্শক আমিরুল সিকদার বলেন, শনিবার সন্ধ্যার দিকে তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকার শীতলক্ষ্যা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। তার পায়ের সাথে একটি পানি রাখার কলসি বাঁধা অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে হত্যার পর মরদেহ গুমের জন্য মরদেহটির পায়ে কলসি বেঁধে শীতলক্ষ্যা নদীতে ফেলে যায়। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে নৌ পুলিশ তদন্ত শুরু করেছে।