
তুষার দেব
জেলাপ্রতিনিধিঃ মৌলভীবাজার এর শ্রীমঙ্গল উপজেলার ৩ নং সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া এলাকায় বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটে।
সোমবার (১৩ জানুয়ারি) আনুমানিক রাত ৯ টার সময় উত্তর ভাড়াউড়া এলাকার ২নং ওয়ার্ডের বাসিন্দা নিবারন দেব ও নৃপেশ দেবের এর বাড়িতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে জানা যায়। আগুনে ২ টি বসতঘর গবাদি পশু সহ পাঁচটি হাঁস পুড়ে ছাই হয়ে যায়, এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাড়ির লোকজন। নিবারন দেব ও নৃপেশ দেব একই ঘরে বসবাস করতেন। হঠাৎ আগুন দেখে প্রাণভয়ে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ঘর থেকে বের হয়ে যান। তবে আসবাবপত্র থেকে কোনো কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হটাৎ করেই আমরা নিবারন দেবের বাড়িতে আগুন দেখতে পাই এবং কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। আগুন দেখে এলাকার লোকজন সহ ২ নং ওয়ার্ডের মেম্বার মো: মারুফ মিয়া ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে নিবারন দেব ও নৃপেশ দেবের বসত ঘর গুলো আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস স্টেশন এর সদস্যরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের ঘটনায় ২নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা পরিতোষ দেব বলেন, মানহীন নকল ও মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে শ্রীমঙ্গল উপজেলায় যা থেকে এসব আগুনের ঘটনার সুত্রপাত ঘটছে এবং ঝুঁকিপূর্ণ সিলিন্ডার বিক্রয় আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় বিস্ফোরণ ও হতাহতের সংখ্যাও বেড়ে যাচ্ছে। এ বিষয়ে প্রশাসনকে জনস্বার্থ বিবেচনায় নিয়ে কঠোরভাবে মাঠে নামার অনুরোধ জানান তিনি ।
এ বিষয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোঃ সোলায়মান আহমেদ জানান, আগুনের ঘটনায় শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুইটি পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা প্রদান করা হয়।