
নিজস্ব প্রতিবেদক
দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন যাত্রাবাড়ি থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মুশফিকুর রহমান ফাহিমকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
শনিবার (১২ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া কর্তৃক দলীয় প্যাডে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। তার বিরুদ্ধে দলীয় পরিচয় ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া মাত্রই কোনোরূপ শৈথিল্য না দেখিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
এদিকে ৫ কোটি টাকা চাঁদার দাবিতে শরীয়তপুর সুপার সার্ভিস পরিবহনের কোনো গাড়ি যাত্রাবাড়ি বাস-স্ট্যান্ডে গেলেই ভাংচুর এবং বাস চালক ও শ্রমিকদের মারধরের অভিযোগ উঠেছে সাবেক যুবদল নেতা মুশফিকুর রহমান ফাহিমের বিরুদ্ধে।