
স্পোর্টস ডেস্ক
বার্সেলোনার দুর্দশা কাটছেই না। হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে দলটি। এবার তাদের জন্য দুঃস্বপ্ন হয়ে আসল ভিয়ারিয়াল। আট গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলের ব্যবধানে হেরেছে জাভি হার্নান্দেজের দল। ম্যাচ হারতেই দল ছাড়ার কথাই জানিয়ে দিলেন জাভি। ব্যর্থতার দায় নিয়ে চলতি মৌসুম শেষ হওয়ার পরই ক্লাব ছাড়বেন জাভি।
ক্লাব ছাড়ার ঘোষণায় জাভি বলেছেন, ‘আমি ৩০ জুন চলে যাচ্ছি, এটা শেষ। ক্লাবের ভালোর জন্য এই সিদ্ধান্ত। কেউ আমাকে বলেছিল, বার্সার স্যার অ্যালেক্স ফার্গুসন হতে। এটা অসম্ভব। বার্সায় এটা কখনো হবে না।’
বিদায় বেলায় গণমাধ্যমের উপরও ক্ষোভ ঝেড়েছেন সাবেক বার্সার এই তারকা, ‘এটা নির্মম চাকরি। আপনার সব সময় মনে হবে আপনি মূল্য পাচ্ছেন না। বাজে আচরণের শিকার হবেন। আপনারা দেখবেন কীভাবে তারা (সংবাদমাধ্যম) আপনাকে শেষ করে দেয়। তারা আপনার সমালোচনা করে এবং সেটা আপনাকে আক্রান্ত করে। এটা সব বার্সা কোচের সঙ্গে হয়ে থাকে। শেষ পর্যন্ত ক্লাব ছেড়ে যেতে হয়, কাজ চালিয়ে যাওয়ার কোনো মানে থেকে না।’
বিদায়ের আগে নিজের সেরাটা দিতে চান জানিয়ে জাভি আরও বলেন, ‘আমি ক্লাবের একজন হিসেবে চিন্তা করেছি। আমার মনে হয়েছে, চলে যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত। যে চার মাস বাকি আছে, আমি সবকিছু দিয়েই চেষ্টা করব। আমি মনে করি আমাদের ভালো একটি মৌসুম হবে।’
কিংবদন্তি ফুটবলার জাভি হার্নান্দেজ বার্সেলোনার দায়িত্ব নিয়েছিলেন ২০২১ সালে। দিনবদলের লক্ষ্যে শুরুটা ভালোই করেছিলেন। গত মৌসুমে ক্লাবকে এনে দিয়েছিলেন লিগ শিরোপাও। কিন্তু এ মৌসুমে লিগে ব্যর্থতার কারণে শেষ পর্যন্ত বার্সা ছাড়ার ঘোষণা দিয়েছেন এই কোচ।