
মানিক হোসেন, ইবি:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সায়েন্স ক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার ( ১ অক্টোবর) দুপুর ২টার দিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬নং কক্ষে এ অনুষ্ঠান পালন করে সংগঠনটির সদস্যরা।
এ সময় সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি ইসমাতুন লিভার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহজাহান আলী এবং জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ইনজামুল হক। এছাড়াও সংগঠনটির সাধারণ সম্পাদক জুনাইদুল মোস্তাফাসহ অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
এসময় সংগঠনের সদস্যবৃন্দ সংগঠনে যুক্ত থেকে উপকৃত হওয়ার বিষয় তুলে ধরেন এবং তাদের অনুভূতি প্রকাশ করেন। এর আগে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সাবেক সভাপতি স্থায়ী কমিটির প্রধান শফিকুল ইসলাম শফিক বলেন, সায়েন্স ক্লাব অন্যান্য সংগঠন থেকে আলাদা। কারণ এই সংগঠন শিক্ষার বিষয়টিকে প্রাধান্য দিয়ে তাদের কাজগুলো করে থাকে। বরাবরই শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান আলী বলেন, সফল ক্যারিয়ার গঠনে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম একটিভিটিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যে কারিকুলাম একটিভিটি জ্ঞানের পরিধিকে আরো বেশি প্রশস্ত করে তার গুরুত্ব বলার অপেক্ষা রাখে না। এই সায়েন্স ক্লাব তেমনি একটি সংগঠন। যা তোমাদের জীবনকে উন্নতির শিখরে পৌঁছাতে সহায়ক ভূমিকা পালন করবে। এ ধরনের সংগঠনে যুক্ত থেকে তুমি এমন অভিজ্ঞতা পাবে যা ভবিষ্যতে বড় কোনো উদ্যোগ নিতে সাহস জোগাবে। তিনি বিজ্ঞানকে নিয়ে চিন্তা চেতনা করার ক্ষেত্রে এ ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।