
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের সাবালিয়া এলাকার একতা টাওয়ারের সভাপতি আব্দুল লতিফের বিরুদ্ধে ক্ষমতার প্রভাব খাটিয়ে ভয়ভীতি প্রদর্শন ও হুমকির অভিযোগে ডিজিল্যাব হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা মুশফিকুল আলম (৬৬) টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি একতা টাওয়ারের নির্মাণকাজের সময় ডিজিল্যাব হাসপাতালের ছাদের ওপর বিশাল পরিমাণ নির্মাণসামগ্রী ফেলে দেওয়া হয়, যার ফলে ভবনের অভ্যন্তরের মূল্যবান ল্যাব সরঞ্জাম, বৈদ্যুতিক লাইন ও বিভিন্ন যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়। এতে হাসপাতালের আনুমানিক ৭ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
ক্ষয়ক্ষতির কারণ জানতে চাইলে আব্দুল লতিফ উল্টো তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
প্রধান নির্বাহী কর্মকর্তা মুশফিকুল আলম বলেন,
“এভাবে ভাঙচুর, হুমকি ও ভীতি প্রদর্শনের ঘটনা রোগী, স্টাফ ও আশপাশের সাধারণ মানুষকে চরম নিরাপত্তাহীনতার মধ্যে ফেলেছে।”
রোগী সালমা আক্তার বলেন, “ওপর থেকে জিনিস পড়ার শব্দে মনে হয় পুরো ভবন কেঁপে উঠছে। চিকিৎসা নিতে ভয় লাগে।”
একজন নার্স বলেন, “রাতে ডিউটি করতে গেলে আতঙ্কে থাকি। মাঝে মাঝে মনে হয় মাথার ওপর কিছু পড়ে যাবে।”
হাসপাতালের টেকনিশিয়ান বলেন,
“নির্মাণসামগ্রী পড়ে আমাদের ল্যাবের যন্ত্রপাতি নষ্ট হয়েছে। কাজও বন্ধ রাখতে হয়েছে।”
এলাকাবাসীর উদ্বেগ বহুদল ভবন হওয়ায় বাড়ছে ঝুঁকি
সাবালিয়ার বাসিন্দা বাপ্পী বলেন,“একতা টাওয়ারে একটি হাসপাতাল ও অফিস রয়েছে। এত মানুষের যাতায়াতের ভবনে নিরাপত্তা ব্যবস্থায় অব্যবস্থা থাকলে পুরো এলাকা ঝুঁকিতে পড়ে। সেখানে একটি দূর্ঘটনা ঘটলে সবাই ঝুকিতে পড়বে। ”
আরেক বাসিন্দা শাহাদাত হোসেন বলেন,“ওপর থেকে জিনিসপত্র পড়ে গেলে আশপাশের মানুষও বিপদে পড়ে। শিশুদের বাইরে বের করা কঠিন হয়ে গেছে।এর আগেও এক শিশু আহত হয়েছিলো। ”
মোছা. লিপি খাতুন বলেন,“আমরা ভয়ে থাকি। এত বড় ভবন, কিন্তু নিয়ম মানা হয় না দুর্ঘটনা হলে বড় বিপদ।”
গবেষকের বিশ্লেষণ: “জননিরাপত্তার বড় সংকেত”
টাঙ্গাইল অঞ্চলের নগরায়ন ও ভবন ঝুঁকি নিয়ে গবেষণা করা নগর পরিকল্পনা বিশেষজ্ঞ ড. এস এ এম সাইফুল্লাহ বলেন, “একতা টাওয়ারের মতো বহুতল ভবনে নির্মাণ–নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাদে বা উন্মুক্ত স্থানে নির্মাণসামগ্রী এলোমেলোভাবে ফেলে রাখা শুধু অব্যবস্থা নয় এটা সরাসরি জননিরাপত্তার হুমকি।”
তিনি আরও বলেন,“যেখানে ক্ষমতার প্রভাব দেখিয়ে অভিযোগকারীকে হুমকি দেওয়া হয়, সেটি বড় ধরনের নগর ঝুঁকির ইঙ্গিত দেয়। এই ঘটনায় ভবনের অভ্যন্তরের মানুষই নয়—পুরো আশপাশের জনসাধারণ ঝুঁকিতে রয়েছে। প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া।”
প্রশাসনের হস্তক্ষেপ দাবি
মুশফিকুল আলম বলেন,“শুধু হাসপাতাল নয়, পুরো এলাকাবাসী ঝুঁকিতে। আমরা ন্যায়বিচার চাই।”
পুলিশ অভিযোগটি গ্রহণ করেছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছে।