
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া সাদাত বাজারে স্বর্ণ ব্যবসায়ী বিপ্লব কর্মকারের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলা চালিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে করটিয়া দুর্গা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে একটি প্রাইভেটকারে করে আসা মুখোশধারী একদল সন্ত্রাসী বিপ্লব কর্মকারকে দোকান থেকে বাড়ি ফেরার পথে আটকে ফেলে। মুহূর্তের মধ্যে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তার সঙ্গে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
হামলাকারীরা পালানোর আগে আতঙ্ক সৃষ্টি করতে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের শব্দে পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, ব্যবসায়ীরা দ্রুত দোকান বন্ধ করে নিরাপদ স্থানে আশ্রয় নেন।
স্থানীয়রা গুরুতর আহত বিপ্লব কর্মকারকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভির আহম্মেদ বলেন,
“ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রমাণ সংগ্রহ করেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
এ ঘটনায় করটিয়া বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।