
(নাসিম আহমেদ শিমুল) কালিয়াকৈর,গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ডাইনকিনি এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের এক ছাত্র আল-আমিন হোসেন নামে এক ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় মামলা হয়েছে ।
হত্যার ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে । শনিবার (৮ জুন) সকালে মামলার এজহারভুক্ত মিলন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
কালিয়াকৈর উপজেলার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের গত বুধবার র্যাগ ডে অনুষ্ঠানকে কেন্দ্র করে কলেজ শাখা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি হয়। ওই মারামারি ঘটনা মীমাংসা করার কথা ছিল বৃহস্পতিবার। দুই পক্ষ বসে সমাধানের জন্য আসার পথে উপজেলার ডাইনকিনি এলাকায় অবস্থিত, মুকদম প্লাজার সামনে আল-আমিন ও কামরুল হাসান পৌঁছালে আগে থেকেই পরিকল্পনা করে রাখা মিলন, ইমন, হাসান, সাকিব হোসেন ও সুজন সিকদার সহ অজ্ঞাত ১০/১২ জন দেশীয় অস্ত্র দিয়ে আলামিন ও কামরুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন। পরে আহত কামরুল হাসানের অবস্থার অবনতি হলে, মির্জাপুর কুমুদিনী হাসপাতালে প্রেরণ করা হয়। নিহত আল আমিন উপজেলার বরিয়াবহ এলাকায় মোতালেব হোসেনের ছেলে ও জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি।
শনিবার সকালে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়ে মানববন্ধন করেছে নিহতের পরিবার, এলাকাবাসী ও স্থানীয় ছাত্রলীগ কর্মীরা। পরে মানববন্ধনটি মিছিলে পরিনত হয়।
মানব বন্ধনে ফাঁসির দাবিতে বক্তব্য রাখেন নিহত আল আমীনের বাবা মোতালেব মিয়া তার একমাত্র ছেলের এ নির্মম মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছেন না।তিনি বারবার মুর্ছা যাচ্ছিলেন। মানববন্ধনে দাঁড়িয়ে তিনি তার ছেলের হত্যাকারীদের গ্রেপ্তারে ও শাস্তি নিশ্চিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন। ফাঁসির দাবিতে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ফরহাদ হোসেন, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজাদ কামাল সোহান, বরিয়াবহ এলাকাবাসী পক্ষে মোহাম্মদ রজব আলী, মরহুম আলামিনের দাদী- মহরজান, নানা- আমছের আলী, ফুপু – আসমা আক্তার, চাচী- মোর্শেদা আক্তার, মামা- হারুন আর রশিদ সহ জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের ছাত্রছাত্রী বৃন্দ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম জানিয়েছেন, এ হত্যার ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এজহারভুক্ত মিলন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।