
মোঃ ইব্রাহীম, ঢাকা জেলা প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের রোহিতপুর বোর্ডিং মার্কেটে একটি হোটেলে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম রাজু জানান, মার্কেটের একটি বিরিয়ানি দোকানে হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। স্থানীয় বাসিন্দা রিফাতের মতে, “মায়ের বিরিয়ানির” পাশের একটি কাবাবের দোকানের সামনে রাখা সিলিন্ডারের সঙ্গে নবাবগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই সেখানে আগুন ধরে যায় এবং দোকানের কর্মচারীরা মারাত্মকভাবে আহত হন। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়, লোকজন ছুটোছুটি করতে থাকে।
কেরানীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশন মাস্টার মো. কাজল মিয়া জানান, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশের আরও কয়েকটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে, যা ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়েছে। নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
অন্যদিকে, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. কাজল ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করেছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রইছ আল রেজুয়ান, যিনি ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সাহায্যের ঘোষণা দিয়েছেন।