
মো. নাজিউল্লাহ ভূইয়া
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ॥
‘মৎস্য উৎপাদন বৃদ্ধি করি, সুখী-সমৃদ্ধ দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো কেরানীগঞ্জেও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রিনাত ফৌজিয়া। সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব কারিশমা আহমেদ জাকসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি-দক্ষিণ) জনাব আব্দুল্লাহ আল মামুন। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম মৎস্যসম্পদে সমৃদ্ধ দেশ। জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের অবদান ক্রমেই বাড়ছে। এ খাতকে আরও শক্তিশালী করতে হলে জলাশয় রক্ষা, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ নিশ্চিত করতে হবে। বক্তারা এ ক্ষেত্রে স্থানীয় মৎস্য উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান।
পরে মৎস্য খাতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ কেরানীগঞ্জ উপজেলার ৫ জন সফল মৎস্য উদ্যোক্তাকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। তাঁরা হলেন—শহিদুল ইসলাম রাজু, মো. ইকবাল হোসেন, মো. ফরহাদ হোসেন, মো. জাহিদুল হক এবং মো. আফতাব উদ্দিন।
সম্মাননাপ্রাপ্ত শহিদুল ইসলাম রাজু বলেন, মাছ চাষ শুধু পেশা নয়, এটি এখন অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আধুনিক প্রযুক্তি ও সরকারি সহযোগিতা পেলে এ খাত আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।